একজন সার্জন ও অ্যানেসথেশিয়া ডাক্তারের অভাবে বরিশালের আগৈলঝাড়া উপজেলা সরকারি হাসপাতালে দু’টি অপারেশন থিয়েটার (ওটি) চালু করা যাচ্ছে না। ৫০ শয্যার এ হাসপাতালের দু’টি স্বয়ংক্রিয় আধুনিক অপারেশন থিয়েটার স্থাপন করা হলেও তা রোগীদের কোনো কাজে আসছে না। দীর্ঘ দিন ধরে অযতœ-অবহেলায় পড়ে থাকায় অপারেশন থিয়েটারের প্রয়োজনীয় আসবাব ও সার্জিক্যাল সরঞ্জামাদি বিকল হয়ে যাচ্ছে।
সরেজমিন আগৈলঝাড়া উপজেলা সরকারি হাসপাতালে দেখা যায়, সেবা দানে প্রথম ১৯৭২ সালে ৩১ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ একটি অপারেশন থিয়েটার স্থাপন করা হয় একই সময়; কিন্তু একজন সার্জন ও অ্যানেসথেসিয়ানের অভাবে শুরু থেকে গত ৪৮ বছর ধরে অপারেশন থিয়েটারটি বন্ধ থাকে। পরে ২০০৪ সালে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করার সাথে নতুন করে পোস্ট-অপারেটিভ রুমসহ পাঁচটি রুম নিয়ে প্রস্তুত হয় আরো একটি অত্যাধুনিক অপারেশন থিয়েটার। একই বছরে অপারেশন থিয়েটারটি চালুর জন্য আরো একটি আধুনিক অ্যানেসথেশিয়া মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি স্থাপন করা হয়; কিন্তু গত ১৬ বছর ধরে কোনো চিকিৎসক নিয়োগ না দেয়ায় অপারেশন থিয়েটার চালু করা যায়নি আজো।
আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বখতিয়ার আল-মামুন বলেন, বর্তমানে ওটিতে মাইনর অপারেশন করা হয়। দু’জন চিকিৎসকের অভাবে মেজর কোনো অপারেশন করা যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বহুবার আবেদন করা হলেও এ ব্যাপারে তারা সাড়া দেননি।