লক্ষ্মীপুরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকিতে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরো দু’জনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত শ্রমিকরা হচ্ছেন ওমর ফারুক ও কামাল হোসেন। গুরুতর অসুস্থরা হচ্ছেন ইউসুফ চৌধুরী ও সোহাগ হোসেন। বুধবার দুপুরে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের হোগলডহুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, বুধবার দুপুরে ইউসুফ চৌধুরীর বাড়ির নির্মাণাধীন সেপটিক ট্যাংকির সেন্টারিংয়ের মালামাল খুলতে যান শ্রমিকরা। এ সময় সেপটিক ট্যাংকির ভেতরে প্রথমে কামাল উদ্দিন নেমে আর ওপরে উঠেনি। তারপর তাকে দেখতে নামেন অপর শ্রমিক ওমর ফারুক। তিনিও না ওঠায় সোহাগ ও ইউসুফ চৌধুরী তাদের দেখতে ট্যাংকিতে নামার সময় তারা দু’জনই অসুস্থ হয়ে পড়েন। এরপর স্থানীয়রা তাদের দু’জনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে ট্যাংকি ভেঙে ভেতর থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করেন।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়াসি আজাদ জানান, ট্যাংকিতে বিষাক্ত গ্যাসের কারণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত অপর দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ওসি (তদন্ত) মোসলেহ উদ্দিন জানান, দুই শ্রকিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।