জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামানকে অবৈধভাবে বরখাস্ত হয়েছে বলে অভিযোগ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জেডআরএফ। সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
জেডআরএফের বিবৃতিতে বলা হয়Ñ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভুগোল বিভাগের সহকারী অধ্যাপক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামানকে শুধু ভিন্ন রাজনৈতিক দল ও মতের অনুসারী হওয়ায় সম্পূর্ণ বেআইনিভাবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আমরা এ ধরনের নজিরবিহীন ও ন্যক্কারজনক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।
বিবৃতিতে বলা হয়Ñ বিশ্ববিদ্যালয় হলো একটি মুক্ত জ্ঞানচর্চা ও গবেষণার ক্ষেত্র। একটি সমৃদ্ধ জাতি গঠনে স্বাধীনভাবে মত প্রকাশের বিকল্প নেই। কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমান প্রশাসন মত প্রকাশের সেই স্বাধীনতাকে খর্ব করছে। এটি মুক্ত চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতায় বাধা সৃষ্টি করবে। সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামানকে বরখাস্তের সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানিয়ে এতে আরো বলা হয়, মানবিক মূল্যবোধ আজ নিষ্পেষিত, পদদলিত। আমরা উচ্চশিক্ষিত হয়েও মানবিক মূল্যবোধকে জাগ্রত করতে না পারায় আজ এমন ন্যক্কারজনক ঘটনার জন্ম হয়েছে। এটা শুধু লজ্জাজনক নয়, পৃথিবীতে নজিরবিহীন দৃষ্টান্ত যা ভবিষ্যতে কখনো ভালো ফল বয়ে আনবে না। তাই অবিলম্বে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত বাতিল করে এ কে এম ওয়াহিদুজ্জামানকে চাকরিতে পুনর্বহাল করার জোর দাবি জানাচ্ছি।