ময়মনসিংহের ত্রিশাল-ফুলবাড়ীয়া সড়কের ত্রিশাল পোড়াবাড়ি বাজারে খিরু নদীর বেইলি ব্রিজটির পাটাতন ভেঙে পণ্যবাহী একটি ট্রাক আটকা পড়েছে। গত বুধবার সন্ধ্যায় ট্রাকটি আটকে পড়লে ত্রিশাল ও ফুলবাড়ীয়া উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা জানান, খিরু নদীর ওপর ১৯৮২ সালে ২৪২ ফুট দৈর্ঘ ও ১৪ ফুট প্রস্থের ব্রিজটি নির্মাণ করা হয়। নির্মাণের ১০-১২ বছর যেতে না যেতেই ব্রিজের অনেকগুলো পাটাতনে মরীচা পড়ে ভাঙতে শুরু করে। ঝুঁকিপূর্ণ ব্রিজটির ভেঙে যাওয়া পাটাতন দীর্ঘদিন ধরে জোড়াতালি দিয়ে চালানোর ফলে প্রায় প্রতিদিন অনেকে দুর্ঘটনায় আহত হচ্ছেন।
বুধবার সন্ধ্যায় ত্রিশাল উপজেলা থেকে একটি পণ্যবাহী ট্রাক ব্রিজ পারাপারের সময় পাটাতন ভেঙে ব্রিজের মাঝখানে আটকে যায়। এরপর থেকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় হেঁটে স্থানীয়দের চলাচল করতে হচ্ছে। দুর্ভোগে পড়েছে ফুলবাড়িয়া ও ত্রিশাল উপজেলাসহ দুই পারের মানুষ।
স্থানীয়রা জানান, ব্রিজের বিভিন্ন স্থানে ভাঙা থাকার কারণে গত কয়েক বছরে ঘটে যাওয়া ছোট-বড় দুর্ঘটনায় এ পর্যন্ত কয়েক শ’ মানুষ আহত হয়েছেন। অনেকেই পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবন যাপন করছেন। তারপরও জীবনের ঝুঁকি নিয়েই আমাদের এ পথে চলাচল করতে হচ্ছে। ব্রিজটি দ্রুত সময়ে সংস্কার করা না হলে দুইপারের কয়েক হাজার মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়বে।
উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান জানান, গত বছর সংশ্লিষ্ট কর্মকর্তা সাময়িকভাবে ব্রিজটি মেরামত করেছিলেন। ইতোমধ্যে এই ব্রিজটি ভালোভাবে মেরামতের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ দিয়ে টেন্ডার আহ্বান করা হয়েছে। আশাকরি, আগামী মাসের শুরুর দিকে কাজ শুরু করা যাবে।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে মেরামতের বিষয়টি নিশ্চিত হয়েছি। তবে সাময়িকভাবে মানুষ চলাচলের উপযোগী করার জন্য দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।