লক্ষ্মীপুরে মোহাম্মদ জাবেদ হোসেন হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন তার মাসহ পরিবারের সদস্যরা ও এলাকাবাসী। গতকাল শনিবার সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে নিহত জাবেদের পরিবারের সদস্যরা বলেন, সদর উপজেলার পূর্ব হাসন্দি এলাকার মোহাম্মদ সেলিমের মেয়ের সাথে জাবেদের দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে প্রেমিকার ভাই ফরহাদ, রুবেল ও লিটনসহ কয়েকজন কৌশলে জাবেদকে মোবাইল ফোনে তাদের নানার বাড়ি হামছাদী এলাকায় ডেকে নেয়। একপর্যায়ে তারা জাবেদকে তাদের নানা বাড়িতে পিটিয়ে হত্যা করে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে লাশটি ঘরের ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে জাবেদ আত্মহত্যা করেছে বলে প্রচারণা চালায়। তারা হত্যার সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত জাবেদের মা তাসলিমা বেগম, বাবা সাইফুল ইসলাম, বড় ভাই মোহাম্মদ জাহেদ, প্রতিবেশী শামীম আনোয়ার, মুক্তার শাহ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি রাজু আহমেদ, সোহেল হোসেন শাহিন, ছাত্র নেতা ইশতিয়াক আহমেদ প্রমুখ।
গত বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হামছাদী এলাকার প্রেমিকা পলির নানার বাড়ি থেকে জাবেদের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। স্থানীয়রা জানান, জাবেদকে ওই ছাত্রীর পরিবারের লোকজন স্থানীয় কালিবাজার এলাকা থেকে ধরে নিয়ে যায়। এরপর তাকে বেদম মারধর করে। এর জের ধরে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে দাবি করেন তারা। নিহত জাবেদ হামছাদী ইউনিয়নের পূর্ব হাসন্দি এলাকার সাইফুল ইসলামের ছেলে। সে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিল।