সিলেট এমসি কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সম্প্রতি দেশের যেসব জায়গায় ধর্ষণের ঘটনা ঘটেছে সেসব মামলার আসামিদের গ্রেফতার করতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ছাত্রলীগ। গতকাল রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেন সংগঠনটির নেতারা। এই সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। দেশের বিভিন্ন স্থানে সংগঠিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করে ছাত্রলীগের ঢাবি শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সেই ছাত্রীসহ যেসব জায়গায় ধর্ষণের ঘটনা ঘটেছে তাদের পাশে আছি। সাবেক ভিপি নুর ডাকসুর মর্যাদাহানি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে পতিতা আখ্যায়িত করেছে। এত সহজ? ধর্ষকের কোনো দল নেই। এই কুলাঙ্গাররা যেই হোক, তার বিচার করতে হবে।