নীলফামারীর ডিমলায় এক কলেজছাত্রীসহ দুই নারীর লাশ উদ্ধার করেছে ডিমলা থানা পুলিশ। মঙ্গলবার সকালে লাশ দুটির ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ডিমলা উপজেলা সদরের রুপাহারা গ্রামের মজিবুল ইসলামে মেয়ে ও ডিমলা সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর ছাত্রী রিমু আক্তারের (১৫) লাশ পুলিশ উদ্ধার করে। পরিবারের লোকজনের দাবি রিমু নিজ বাড়ির থাকার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
অপরদিকে একই দিন সন্ধ্যার পরে ডিমলা উপজেলা হাসপাতাল থেকে মুক্তা রানী (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলা সদরের উত্তর তিতপাড়া গ্রামের প্রদিপ চন্দ্র রায়ের স্ত্রী।
স্বামীর বাড়ির লোকজনের দাবি, পারিবারিক কলহের জেরে মুক্তা রানী গলায় ফাঁস দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘোষণার পরপরই স্বামীর বাড়ির লোকজন হাসপাতালে লাশ রেখে পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি ইউডি মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





