বাগেরহাটের চিতলমারীতে একটি বিরোধপূর্ণ জায়গা দখলকে কেন্দ্র করে বসতবাড়ি ও দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলাকারীদের তাণ্ডবে কলিগাতি নতুনহাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল রোববার সকাল ১০টায় দফায় দফায় এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। হামলায় এক শিশুসহ দু’জন আহত হয়েছেন। এ ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
আহত ইকতিয়ার খলিফা জানান, একই এলাকার চেয়ার উদ্দিনের কাছ থেকে তিনি কলিগাতি নতুনহাটে পাঁচ শতক জমি কিনে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। পরে ওই জমি খাস খতিয়ানে গেছে। তিনি বর্তমানে খাস জমির উপর রয়েছেন। কিন্তু একই এলাকার প্রভাবশালী আউলিয়া শেখ ওই জমি দখল নিতে পাঁয়তারা চালাচ্ছেন। এ ঘটনার জেরে রোববার সকালে আউলিয়া ও তার লোকজন তার বসতবাড়ি এবং দোকানে তাণ্ডব চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় তার শিশুকন্যা তাবাচ্ছুমকে (৩) পানিতে ছুড়ে মারা হয়। হামলায় তিনি ও তার শিশুকন্যা গুরুতর আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ইকতিয়ারের ভাই আশিক খলিফা বলেন, সকাল থেকে আউলিয়া বাহিনী দফায় দফায় হামলা চালায়। এ সময় তাদের তাণ্ডবে কলিগাতি নতুনহাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।





