তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ যাইনুল আবেদীন বলেছেন, বর্তমানে ধর্ষণ করোনা মহামারির চেয়েও ভয়াবহ রূপ নিয়েছে। নব্বই ভাগ মুসলমানের দেশে ধর্ষণ মহামারি খুবই লজ্জার বিষয়। যাদের ভেতর আখিরাতের ভয় আছে তারা এই ধরনের জঘন্য কাজে জড়াতে পারেন না।

তিনি বলেন, সমাজে নৈতিকতা ধসের যে প্রতিচ্ছবি ভেসে উঠছে তা মুছতে হলে কুরআন-সুন্নাহর শিক্ষা ছাড়া কোনো উপায় নেই। কুরআন-সুন্নাহর শিক্ষা ছাড়া আলোকিত সমাজ গড়া সম্ভব নয়।

দেশের শীর্ষস্থানীয় দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী ক্যাম্পাসে বুধবার আলিম প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রদের ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা নূরুল হকের সঞ্চালনায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত ওই ক্লাসে আরো বক্তব্য রাখেন, মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মাহতাব উদ্দিন, প্রভাষক মাওলানা আব্দুল কাইয়ুম, ছাত্র প্রতিনিধি খাইরুল আনাম প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন মুহাদ্দিস ড. মোয়াজ্জেম হোসাইন আল আজহারী, মাওলানা সাইদুল ইসলাম, সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, ড. মুহাম্মাদ সালমানসহ বিভিন্ন বিষয়ভিত্তিক শিক্ষকমণ্ডলী।

শিক্ষার্থীদের উদ্দেশে মাওলানা যাইনুল আবেদীন বলেন, ভালো বন্ধু নির্বাচন করতে হবে। অসৎ সঙ্গে মিশে সর্বনাশ ডেকে আনা যাবে না। মুসলিম উম্মার চাহিদাকে সামনে রেখে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ছাত্রদেরকে সামনে অগ্রসর হতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে ঈমানদারদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাদেরকে এমন মন্ত্র দেয়া হচ্ছে যাতে আমরা ঐক্যবদ্ধ না হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাই। যেখানে আমাদের ঐক্যের একান্ত প্রয়োজন ছিল, সেখানে আমরা আলেম ওলামারাও ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছি।
তিনি আরো বলেন, করোনা মহামারি আমাদের জন্য হয়তো কোনো পরীক্ষা, না হয় কোনো গজব। গজব হলে আমরা কেউ রক্ষা পাব না।

অনুষ্ঠানে জানানো হয়, চলমান করোনাকালেও টঙ্গী তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসায় সর্বোচ্চ সংখ্যক ছাত্র ভর্তি হয়েছে। এবার ভর্তিকৃত ১ হাজার ৫৭০ জনের মধ্যে সাধারণ বিভাগে ৯৯০ ও বিজ্ঞান বিভাগে ৫৮০ জন ভর্তি হয়েছে। এ বিশাল সংখ্যক ছাত্রকে করোনাকালীন সময়ে শিক্ষাকার্যক্রমের বিষয়ে অভিহিত করা, শিক্ষকমণ্ডলীর সাথে পরিচিত হওয়া ও রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যাবলী নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে সাধারণ বিভাগের ছাত্রদের নিয়ে এ ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর বালিকা ক্যাম্পাসে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে এবং ১০ অক্টোবর আলিম প্রথম বর্ষের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে পৃথক দুটি ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।