কিশোরগঞ্জের কটিয়াদীতে শ্বশুরের সাথে মোটর সাইকেলযোগে যাওয়ার সময় ট্রাকচাপায় ঘটনাস্থলে মারা যান স্মৃতি আক্তার (২০)। এ ঘটনায় গুরুতর আহত গৃহবধূর শ্বশুর মোটর সাইকেল চালক কুতুব উদ্দিন (৫৫) তিন ঘণ্টা পর মারা যান।
এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কটিয়াদী উপজেলার চরিয়াকোনা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত স্মৃতি আক্তার এক সন্তানের জননী। তিনি বাজিতপুর উপজেলার বিলপাড় গজারিয়া গ্রামের মাসুম মিয়ার স্ত্রী এবং কটিয়াদী উপজেলার চরপুক্ষিয়া গ্রামের পুলিশ কনস্টেবল শামসুল আলম পণ্ডিতের মেয়ে।
এছাড়া নিহত কুতুব উদ্দিন বাজিতপুর উপজেলার বিলপাড় গজারিয়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে।
নিহত কুতুব উদ্দিনের ছোট ভাই বিল্লাল মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, রোববার সকাল সাড়ে ১০ টার দিকে কুতুব উদ্দিন তার ছেলের বউ স্মৃতি আক্তারকে নিয়ে মোটর সাইকেলে করে বিলপাড় গজারিয়া থেকে কটিয়াদী যাচ্ছিলেন। পথে চরিয়াকোনা এলাকায় পেছন থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৩-০১৫৪) নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্মৃতি আক্তারের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত হন শ্বশুর কুতুব উদ্দিন গুরুতর আহত হলে তাকে প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে নরসিংদী পৌঁছার পর দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।
একই দুর্ঘটনায় পুত্রবধূ ও শ্বশুরের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কটিয়াদী হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আব্দুস ছোবহান বলেন, ঘটনার পর নিহত নারীর লাশ উদ্ধার ও ট্রাক-মোটর সাইকেল জব্দ করা হয়। তবে ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।





