মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ব্যাঙ্গচিত্র করে তা ফ্রান্সে রাষ্ট্রীভাবে প্রকাশ করার প্রতিবাদে তালায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ওলামা মাশায়েখের আহ্বানে ও পাটকেলঘাটা থানার সর্বস্তরের জনতার অংশগ্রহণে রোববার সকাল ১০টায় পাটকেলঘাটা পাঁচ রাস্তা মোড়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
পাটকেলঘাটা ছিদ্দিকিয়া কওমিয়া মাদরাসার মুহতামিম ও সাতক্ষীরা জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুনিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলেজ মোড় মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, শিক্ষক নেতা আবদুর রব পলাশ, পাটকেলঘাটা বায়তুল মামুন মসজিদের খতিব মাওলানা আরিফ বিল্লাহ, সাবেক ছাত্র নেতা শাহ আলম ও মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা রেজাউল করীম প্রমুখ।
ফ্রান্সে মহানবীকে নিয়ে কটূক্তির তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে ব্যাঙ্গচিত্র সরিয়ে ফেলতে হবে ও বিশ্বের তাওহীদি মুসলিম জনতার কাছে ক্ষমা চাইতে হবে। এসময় বক্তারা ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহ্বান জানান। পরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁর ছবি পুড়িয়ে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।





