নোয়াখালী জেলার ৫০ শয্যাবিশিষ্ট চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইড ওয়াল নির্মাণের ছয় মাস যেতে না যেতেই ধসে পড়েছে। নির্মাণের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্নীতি ও অনিয়ম এবং নিয়ম অনুযায়ী কাজ না করায় এমন অবস্থা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে ভাঙনরোধে ১০ লাখ টাকা ব্যয়ে গাইড ওয়াল নির্মাণ করা হয়। কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান মেঘনা কনস্ট্রাকশন। তাদের নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে এটি নির্মাণের ছয় মাস অতিবাহিত না হতেই ধসে পড়েছে। নির্মাণের সময় সঠিকভাবে কাজ না করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নোয়াখালী জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে অভিযোগ করেও প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছে সংশ্লিষ্টরা।
চাটখিল উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: খন্দকার মোস্তাক আহমেদ জানান, নির্মাণকাজ শিডিউল অনুযায়ী না করে অত্যন্ত নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে এ কাজ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান তার কাছ থেকে চাপ সৃষ্টি করে কাজ সম্পন্ন করার প্রত্যয়নপত্রও নিয়েছেন।
জেলা স্বাস্থ্য অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মাহফুজুল আলম গাইড ওয়াল ধসে পড়ার বিষয়টি স্বীকার করলেও নির্মাণকাজে দুর্নীতি ও অনিয়মের কোনো সদুত্তর দিতে পারেনি। ধসে পড়া গাইড ওয়াল সরিয়ে নতুন করে ওয়াল নির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।