করোনাকালে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী। তাই স্বাবলম্বী হওয়ার আশায় এনজিও থেকে লোন নিয়ে মরিচ চাষ করেছিলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া ডোগলাপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে আবদুল জব্বার। মরিচের ফলনও ছিল ভালো। কিন্তু দুর্বৃত্তদের কারণে তার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। বুধবার এমনই হৃদয়বিদারক কথাগুলো জানায় ভুক্তভোগী জব্বারের পরিবার।
তারা জানান, এবার কাঁচা মরিচের দাম বেশি হওয়ায় এনজিও থেকে লোন নিয়ে জীবন গড়ার স্বপ্ন দেখেন জব্বার মিয়া। তিনি সোয়া এক বিঘা জমিতে মরিচ চাষ করেন। ফলনও ভালো হয়। এ অবস্থায় গ্রামের কয়েকজন দুর্বৃত্ত প্রতিহিংসা করে রাতের আঁধারে কৃষকের মরিচের গাছগুলো কেটে নষ্ট করে। এতে ওই কৃষকের লক্ষাধিক টাকা ক্ষতি হয়।
তারা অশ্রুশিক্ত নয়নে বলেন, এখন কিভাবে চলবে সংসার। কেমনে পরিশোধ হবে এনজিওর লোন। দিশেহারা হয়ে এখন দিগন্ত পানে আহাজারি ছাড়া আর কোনো পথ খোলা নেই। এ ঘটনায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।