নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুড়ি ঝুটপট্টিতে দুটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে হাজীগঞ্জ ও আদমজী ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে জালকুড়ির ঝুটপট্টি এলাকার ছাদেক আলী ফকির জামে মসজিদ সংলগ্ন দুটি ঝুটের গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘সাড়ে ৮টার দিকে স্থানীয়রা ঝুটের গোডাউনে আগুন লেগেছে এমন সংবাদ জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া আগুনের সূত্রপাত ও ক্ষতিক্ষতির পরিমাণ জানা যায়নি। খবর পেয়ে হাজীগঞ্জ ও আদমজী ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। বিষয়গুলো খতিয়ে দেখে পরে বিস্তারিত জানাতে পারবো।





