বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আগামী দিনগুলো হবে খুবই কণ্টকময়। তাই অন্যায় সহ্য না করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সবাই প্রস্তুত হোন আগামীতে শুভদিন আসবেই। তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, তোমাদের আরো অনেক পথ পাড়ি দিতে হবে। সত্যের পথে থাকলে মনে শক্তি থাকে। আর মনে শক্তি থাকলে সব অন্যায়-অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়। তিনি গতকাল সোমবার বিকেলে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে অফিস সহকারী মরহুম রজব আলীর রূহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।
সদর মেট্রো থানা বিএনপির সভাপতি আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা: মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো: সোহরাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সরকার, মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বশির উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহিন প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেনÑ মহানগর বিএনপির সহসভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক বশির আহমেদ বাচ্চু, বিএনপি নেতা সাইফুল ইসলাম টুটুল, মনিরুল ইসলাম বাবুল, ফারুক হোসেন খান, রবিউল আলম রবি, সিরাজুল ইসলাম, সাবেক ভিপি মোস্তফা কামাল মুকুল, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট নাসির উদ্দিন, তাইজুল ইসলাম তাজু, নাজমুল খন্দকার সুমন প্রমুখ।
পরে গাজীপুর মহানগর ও জেলা কার্যালয়ের অফিস সহকারী মরহুম রজব আলীর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।





