প্রায় ১২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে ঘনকুয়াশার কারণে অবরুদ্ধ ছিল রাজধানীর সাথে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাতায়াতের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিট থেকে বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় প্রায় ৯ শ' যাত্রী পারাপারের অপেক্ষায় ছিল। ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় রাত থেকে যানবাহনের সারি দীর্ঘ হতে থাকে। তবে সকাল সাড়ে ১০টা থেকে কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় ওই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।
এদিকে পাটুরিয়া ঘাট এলাকায় ছয় শ' যানবাহন নৌরুট পারের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন ঘাট কর্তৃপক্ষ। উথুলী সংযোগ সড়ক এলাকায় তিন শ' সাধারণ ট্রাক পাটুরিয়া ঘাট এলাকায় প্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন শিবালয় থানা পুলিশ। ঘাট এলাকায় আগত এসব যানবাহনের যাত্রী ও পরিবহন শ্রমিকদের ভোগান্তি বেড়েছে।
গোল্ডেন লাইন পরিবহনের যাত্রী আবুল কালাম বলেন, রাত ১টা থেকে ঘাট এলাকায় আসছি। ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকায় পার হতে পারিনি।
খুলনাগামী যাত্রী সালমা আক্তার বলেন, ঘাট এলাকায় পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা নেই। ফলে নারীদের যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েছে।
আক্তার হোসেন নামের এক যাত্রী বলেন, পাটুরিয়া ঘাট এলাকায় সকাল ১০ পর্যন্ত ১১ ঘণ্টা যাবত বসে আছি। এখনো বাস ফেরিতে উঠতে পারেনি। কখন বাস ফেরিতে উঠবে, কখন নৌরুট পার হব আর কখন বাড়ি যাব। কিছুই বলতে পারছি না।
রিপন মিয়া নামের এক যাত্রী বলেন, শীতের মৌসুমে কুয়াশা হবে এটা স্বাভাবিক। ঘাট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ না থাকায় আমাদের কষ্টের পরিমাণ বাড়ছে।
যশোরগামী ট্রাক চালক আলাউদ্দিন বলেন,এমনিতেই অগ্রাধিকার ভিত্তিতে পরিবহন বাস ও ছোট গাড়ি আগে পার করা হয়। ফেরি বন্ধ থাকায় যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে। ফেরি পারাপার চালু হলেও সাধারণ পণ্যবাহী ট্রাকগুলো পরে পার করা হবে। এতে করে ট্রাক চালকদের আরো দুর্ভোগ বাড়তে পারে।
শিবালয় থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আশীষ স্যানাল সকাল সাড়ে ১১টার দিকে জানান, ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ এড়াতে ৭ কিলোমিটার আগে উথুলী সংযোগ সড়কে সাধারণ ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে। ঘাট এলাকায় যানবাহনের চাপ কমলে সিরিয়াল অনুযায়ী এসব ট্রাক ছাড়া হবে। উথুলী সংযোগ সড়ক থেকে আরিচা ঘাট পর্যন্ত তিন শ'র মতো ট্রাক পাটুরিয়া ঘাটে প্রবেশের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ নৌ পরিবহন করপোরেশন ( বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক মোঃ সালাম হোসেন সকাল ১১টার দিকে জানান, ঘন কুয়াশায় মার্কি বাতির অস্পষ্টতার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে। সকাল সাড়ে ১০টার দিকে নৌরুটে ফেরি চলাচল শুরু হলেও পাটুরিয়া ঘাট এলাকায় ছয় শ' যানবাহন নৌরুট পারের অপেক্ষায় রয়েছে।





