সোনাইমুড়ী থানার তিন এসআই রেজাউল করিম, আবদুল মোমেন ও গাজী সোহেল রানার বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ গ্রহণ, হয়রানি ও অসদাচরণের বিরুদ্ধে অভিযোগ করে বিপাকে পড়েছেন অভিযোগকারীরা। তাদেরকে অভিযোগ প্রত্যাহার করে নেয়ার জন্য বিভিন্নভাবে ভয়-ভীতি ও চাপ সৃষ্টি করছেন ওই তিন কর্মকর্তা। এতে করে অভিযোগকারীরা পরিবার-পরিজন নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া গ্রামের মোশারফ হোসেন মাসুদ, ওমর ফারুক ও মোহাম্মদ হারুন ওই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পুলিশের চট্টগ্রাম বিভাগের ডিআইজির কাছে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিআইজি নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপারকে (সদর) ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। নির্দেশ পেয়ে নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার খালেদ ইবনে মালেক গত ৬ ডিসেম্বর বাদিপক্ষ, সাক্ষী ও ওই তিন পুলিশ কর্মকর্তাকে তার কার্যালয়ে হাজির হওয়ার জন্য সোনাইমুড়ী থানার ওসির মাধ্যমে নির্দেশ দেন। নির্ধারিত তারিখে অভিযোগকারী ও সাক্ষীরা উপস্থিত হলেও ওই তিন পুলিশ কর্মকর্তা উপস্থিত হননি। এ দিকে ওই এসআইরা তাদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেয়ার জন্য বিভিন্ন মাধ্যমে অভিযোগকারীদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

এ ব্যাপারে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর) খালেদ ইবনে মালেকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি উত্তেজিত হয়ে তথ্য দিতে অস্বীকৃতি জানান।