দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত থেকে বেলাল হোসেন (৩৬) নামে এক কাতার প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপির আমড়া সীমান্তের মীরপুর জলেশ্বরী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বেলাল হোসেন ফুলবাড়ী উপজেলার মীরপুর জলেশ্বরী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। তিনি চার বছর ধরে কাতারে ছিলেন এবং দেড় মাস আগে কাতার থেকে বাংলাদেশে আসেন।

ফুলবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে বাড়ি থেকে বের হন বেলাল হোসেন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তার বাম হাত কেটে বিচ্ছিন্ন করে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যামামলা দায়েরের প্রস্তুতি চলছে।