রংপুর মহানগরীর উত্তর বাবুখাঁ এলাকায় দুই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রশিদ জানান, রংপুর জজ কোর্টের মহুরী রবিউল ইসলাম। তিনি তার স্ত্রী ও ‍দুই বছর তিন মাস বয়সী মেয়েকে নিয়ে নগরীর উত্তর বাবুখাঁ এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন। গত ৭ ডিসেম্বর দুপুরে জজ কোর্টে কাজে গেলে প্রতিবেশী আলাউদ্দিন মিয়ার ছেলে রংপুর কালৈক্টরেট স্কুলের দশম শেণীর ছাত্র নাইম ইসলাম (১৭) কৌশলে শিশুটিকে তার বাসায় নিয়ে ধর্ষণ করেন। পরে রাতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে জ্বর মনে করে শিশুটিকে নাপা সিরাপ খাওয়ানো হয়।

এ দিকে অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে বলা হয় শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। পরে শিশুটিকে রমেক হাসপাতালের ওসিসি ওয়ার্ডে ভর্তি করা হয়। এ ব্যাপারে শিশুটির বাবা একটি মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আব্দুল রশিদ জানান, ‘আমরা অভিযুক্ত নাইমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি। তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।’