কক্সবাজারে হাইকিং করতে গিয়ে পথ হারিয়ে দরিয়ানগর পাহাড়ে নিখোঁজ হওয়া চার যুবককে উদ্ধার করেছে বিমানবাহিনী। জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এর কল পেয়ে চট্টগ্রাম থেকে বিমানবাহিনীর একটি বিমান গিয়ে ওই চার যুবককে উদ্ধার করে। শনিবার সন্ধ্যার আগে তাদের উদ্ধার করা হয়। পরে তাদেরকে নিয়ে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছে বিমানটি।

এর আগে শনিবার সকালের দিকে তারা হাইকিংয়ে বের হয়েছিলেন।

উদ্ধার হওয়া চার যুবক হলেন মিজবাহ উদ্দীন, রাফসান, অধিক পাল ও আবির সাহা। তারা সবাই কক্সবাজার শহরেরই বাসিন্দা। তারা পাহাড় দিয়ে হিমছড়ি যাচ্ছিলেন। আট থেকে ৯টি পাহাড় ডিঙানোর পর পথ হারিয়ে ফেলেন তারা।

উদ্ধারকারী দলের নেতা ও শেখ হাসিনা বিমানঘাঁটির অধিনায়ক মামুন কক্সবাজার বিমানবন্দরে জানান, ৯৯৯-এর মাধ্যমে কল পেয়ে একটি বিমান নিয়ে বিমানবাহিনীর দল চার যুবককে উদ্ধার অভিযান যায়। পরে নেটওয়ার্ক ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা হয়। ওই চার যুবকের জামা উড্ডয়ন দেখে তাদের সন্ধান পাওয়া যায়।