চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একরামুল (৪০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী জসিম উদ্দীন (৩৫)। সোমবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার নেহালপুর স্কুলমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন একরামুল ও জসিম উদ্দীন। পথে নেহালপুর স্কুল মাঠের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাঠের ফুটবলের গোল পোস্টের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দু’জনই গুরুতর আহত হন।
স্থানীয়রা আরো জানান, পরে স্থানীয় কয়েকজন রক্তাক্ত অবস্থায় একরামুল ও জসিম উদ্দীনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক একরামুলকে মৃত ঘোষণা করেন এবং জসিম উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: সাকিব আরসালাম বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই একরামুলের মৃত্যু হয়েছে। আহত জসিম উদ্দীনের অবস্থা আশঙ্কাজনক। তিনি মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পেয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।









