অফিসের ফাইলপত্র, চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্র ঠিক একটা নামীদামি অফিসের মতোই। কর্মকর্তাদের কথাবার্তাও ছিল বেশ স্মার্ট। সদ্য গজিয়ে ওঠা জনকল্যাণ ফাউন্ডেশনের কর্মকর্তাদের আস্তানা বেশি দিনের না হলেও ঋণ দেয়ার কথা বলে তারা অসংখ্য মানুষের কাছ থেকে সঞ্চয় হাতিয়ে নিয়ে হঠাৎ উধাও হয়ে গেছে। ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নলডাঙ্গা সড়কের ফজলুর রহমানের বাসায় ভাড়া নিয়ে কথিত এনজিওটি এই প্রতারণার ফাঁদ খুলে বসে।
অনুসন্ধানে জানা গেছে, বাসাটি ভাড়া নিয়ে জনকল্যাণ ফাউন্ডেশন নাম দিয়ে কিছুদিন আস্তানা গেড়েছিল প্রতারক চক্র। এরপর কয়েকজন কর্মকর্তা সেজে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে অত্যন্ত মার্জিত ভাষায় নিজেদের ফাউন্ডেশনের পরিচয়ে ভিজিটিং কার্ড দেয়। প্রতিষ্ঠানগুলো থেকে প্রথমে মালামাল কিনে কৌশলে সখ্য তৈরি করে এবং তাদের দুই বছর মেয়াদি ঋণ প্রজেক্ট আছে বলে তারা প্রত্যেককে জানায়। কিন্তু শর্ত মোতাবেক প্রতি লাখ ঋণের জন্য ৭ থেকে ১০ হাজার পর্যন্ত সঞ্চয় জমা দেয়ার নিয়ম রয়েছে এবং পরে এটা ফেরতযোগ্য বলে জানালে তাতে রাজি হয়ে যান ঋণ নিতে আগ্রহীরা। এরপর তারা সঞ্চয় জমা দিতে থাকেন। এরপর সুযোগ বুঝে গ্রাহকের টাকা হাতিয়ে নিয়ে তারা হাওয়া হয়ে যায়।
কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কৌশিক খান জানান, জনকল্যাণ ফাউন্ডেশন নামের কোনো এনজিও প্রতিষ্ঠানের নাম রেজিস্ট্রেশনের তালিকায় নাই। ফলে এটা প্রতারকচক্র সেটা নিশ্চিত।