পাবনার সাঁথিয়া উপজেলার নাড়িয়াগদাই বাজারে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষে মুন্নাফ হোসেন (৪২) ও নাছির হোসেন(৩৫) নামে দু’জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
নিহতরা হলেনÑ সাঁথিয়া উপজেলার ধোপদহ ইউনিয়নের নাড়িয়াগদাই গ্রামের সাহেব উদ্দিনের ছেলে মুন্নাফ ও তার মামাতো ভাই পাইকশা গ্রামের শামসুর রহমানের ছেলে নাছির। শনিবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে নাড়িয়াগদাই বাজারে একটি কেনা জমির ওপর মুন্নাফ হোসেন ঘর তুলতে যান। এ সময় প্রতিপক্ষের গোলাম আজম বাচ্চু গ্রুপের সিদ্দিকের নেতৃত্বে জমির মালিকানা দাবি করে ঘর তুলতে বাধা দেয়া হয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। প্রতিপক্ষের ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে ঘটনাস্থলেই মুন্নাফ ও সাঁথিয়া হাসপাতালে নেয়ার পথে নাছির মারা যান। সংঘর্ষে রওশন, মাহতাব, সামাদ, আকরাম ও ইয়াছিন আহত হন। গুরুতর আহত রওশন ও মাহতাবকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে উভয়পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে।
সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান জানান, তারা পৌরসভার নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। তবে তিনি সংঘর্ষ ও দু’জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।





