বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভারতকে উদ্দেশ করে বলেছেন, ‘পাশের দেশ কি পায়ে পাড়া দিয়ে, গায়ে ধাক্কা দিয়ে বাংলাদেশের সাথে ঝামেলা করতে চায়? প্রতিদিন বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বিদেশী নাগরিক বলে বাংলাদেশে পুশইন করছে। আমি সরকারকে বলবো, আপনারা এর কড়া জবাব দিবেন।’

শনিবার (১৪ জুন) বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনার সময়ে আপনারা তো পুশইন করেননি। গতকালও (শুক্রবার) ৪৪ জনকে পুশইন করেছে। এদের মধ্যে ভারতের কার্ড আছে এমন চার-পাঁচজনকে আমাদের বিজিবি ধরেছে। কেন এ পুশইন করেছেন? যাদের পুশইন করছেন তারা সব ভারতের লোক।’

তিনি বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এর একটি পতাকা আছে, স্বাধীন ভূখণ্ড ও শক্তিশালী সার্বভৌমত্ব আছে। এ দেশের মানুষ জুলাই সৃষ্টি করতে পারে, আগস্ট সৃষ্টি করতে পারে। এ দেশের তরুণরা রক্ত প্রতিরোধ করতে জানে। এ রক্ত ৭১, ৯০, ৭ নভেম্বর সৃষ্টি করেছে। আজকের দিল্লির প্রভুরা এটা ভুলে গেছে। এ দেশের ১৮ কোটি মানুষ প্রতিরোধ ও প্রতিবাদ করতে জানে। হুঁশিয়ার করে দিতে চাই, এভাবে বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে, অশ্রদ্ধা দেখিয়ে আপনারা যদি পুশইন অব্যহত রাখেন, এর দায়-দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে।’

রিজভী বলেন, ‘প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের লন্ডনের বৈঠক কেন জানি মনে হয়েছে কারো কারো মনে জ্বালা ধরিয়েছে। অনেকেই এটা মেনে নিতে পারছেন না। কেন এ জ্বালা আপনাদের?। আজকে আমাদের কিছু রাজনৈতিক বন্ধু উষ্মা প্রকাশ করেছেন। লন্ডনের বৈঠকে নাকি নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে। আপনাদের ইতিহাসে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করেছেন? ৮৬ সালে হাসিনার সাথে নির্বাচন করেছেন, ৯৫ সালে বিএনপি সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার সাথে একসাথে আন্দোলন করেছেন। ৫ আগস্টের পরে বললেন, আওয়ামী লীগকে মাফ করে দেবেন। ভারতের সাথে সম্পর্ক বৃদ্ধি করবেন। তাহলে আপনাদের রাজনীতিটা কিসের রাজনীতি? রাজনীতি মানেই হচ্ছে জনগণের কাছে ওয়াদা বা অঙ্গীকার। আপনাদের রাজনীতিটা ভুলে ভরা।’

গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, গবেষণাবিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ূন কবির খান, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক প্রফেসর ডা: রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, মো: মুজিবুর রহমান, ওমর ফারুক শাফিন, গাজীপুর আবু তাহের মুসল্লী, ফজলুল হক মুসুল্লী, এমদাদুল হক মুসুল্লী প্রমুখ।