বগুড়ায় মদপানে মৃত্যুর ঘটনায় হোমিওপ্যাথি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পৃথকস্থানে অভিযান পরিচালনা করেছে। বুধবার দুপুরে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

এই অভিযানে অনুমোদনহীন, মিসব্রান্ডেড ওষুধ, রেজিস্ট্রারবিহীন ওষুধ, লাইসেন্সবিহীন ও চিকিৎসক ছাড়া হোমিও ওষুধ বিক্রির অভিযোগে দু’টি হোমিওপ্যাথি ওষুধের দোকানের সাড়ে তিন লাখ টাকা জরিমানার করা হয়েছে।

অভিযানে জেলা শহরের গালাপট্টির মাহী হোমিও হলের এ কে এম রুহুল আমিনকে (৪৬) অভিযুক্ত করা হয়েছে। তাকে অনুমোদনহীন, মিসব্রান্ডেড ওষুধ, লাইসেন্সবিহীন ও চিকিৎসক ছাড়া হোমিও ওষুধ বিক্রির অভিযোগে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট মো: তাসনিমুজ্জামান আরো একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়া শহরের গালাপট্টির মোড়ের দি মুল হোমিও হলে। সেখানেও একই অপরাধে এক লাখ ৭০ হাজার টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৃথকভাবে আরো ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে।