বরিশালের আগৈলঝাড়ায় উড়ো চিঠি দিয়ে ব্যবসায়ীর কাছে বিপুল অঙ্কের চাঁদা দাবি করা সেই পাঁচ বাহিনীর প্রধান রাসেল হাওলাদারকে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত লাল বাহিনীর প্রধান দাবিদার রাসেল হাওলাদার (২০) উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশের কাছে উড়ো চিঠি দেয়া ও চাঁদা দাবির সত্যতা স্বীকার করেছে। এক ব্যবসায়ীর কাছে উড়ো চিঠি দিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবির মামলায় তাকে গ্রেফতার করা হয়।
ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাজহারুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেফতার করেন। এ ঘটনায় ব্যবসায়ী পরিমল ঘোষ বাদি হয়ে বৃহস্পতিবার সকালে মামলা দায়ের করেন।





