পিতলকে স্বর্ণের বার বলে বিক্রির সময় আশিক মোড়ল (২৫) নামের এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। রোববার বিকেল ৪টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত আশিক মোড়ল ঝিনাইদহের মহেশপুর থানার আদমপুর গ্রামের মনু মোড়লের ছেলে।
বাস্তা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আওলাদ হোসেন মঞ্জু বলেন, দীর্ঘ দিন ধরে একটি প্রতারকচক্র স্বর্ণের বারের নামে পিতলের বার দিয়ে স্থানীয় লোকজনকে বোকা বানিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিচ্ছিল। ইতোমধ্যে জাইল্যা গ্রামের ছমিরন, মেদুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক, বাস্তা গ্রামের শাহিন ও বাস্তা বাসস্ট্যান্ডের স্বর্ণ ব্যবসায়ী ছাত্তার এ প্রতারণার শিকার হন। ঘটনার সময় দুপুরে পুনরায় অভিনব কায়দায় স্বর্ণের বারের জায়গায় পিতলের বার বিক্রি করতে এলে আশিক মোড়লকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা বাকিরা পালিয়ে যায়।
আটককৃত আশিক মোড়ল পার্শ্ববর্তী ঢাকা জেলার সাভারস্থ ফুলবাড়িয়া এলাকার জনৈক রাশেদের বাসায় ভাড়া থাকেন বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে শাহিন থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রকিবুজ্জামান বলেন, আটককৃত আশিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।





