সাতক্ষীরার কলারোয়ায় আমগাছের সাথে ঝুলন্ত গৃহবধূ ও যুবকের লাশ উদ্ধারের ঘটনার সাথে জড়িত থাকায় গৃহবধূর স্বামী ও তার ছোট দেবরকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে কলারোয়া পৌর সদরের শ্রীপতিপুর নিহত গৃহবধূর বাড়ির কাছের পাঁচিলের পাশ থেকে হত্যায় ব্যবহৃত রড ও আলামত উদ্ধার করেছে পুলিশ।

আটককৃতরা হলেন নিহত গৃহবধূ ফাতেমা খাতুনের স্বামী বাকপ্রতিবন্ধী শেখ আহসান ওরফে হাসান ও তার আপন ছোট ভাই শেখ আসাদ।

এ ঘটনায় সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দীন বলেন, নিহত গৃহবধূ ফাতেমার সাথে দীর্ঘ দিনের পরকিয়ার সম্পর্ক ছিল শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের জয়নাল পড়ের ছেলে নিহত করিম পাড়ের। ঘটনার দিন রাতে নিহত ফতেমার শ্বশুরবাড়ির পরিত্যাক্ত এক কক্ষে আপত্তিকর অবস্থায় দু’জনকে দেখেন তার স্বামী। নিহত ফাতেমার বাকপ্রতিবন্ধী স্বামী ও তার ছোট দেবর আসাদ প্রথমে দু’জনকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করেন। পরে এ ঘটনার মোড় অন্যদিকে ঘোরানোর জন্য ফাতেমার ব্যবহৃত ওড়না দিয়ে দু’জনের লাশ আমগাছের সাথে ঝুলিয়ে দেয়া হয়।

এ ঘটনায় নিহত করিম পাড়ের বাবা জয়নাল পাড় একটি মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত থাকা প্রধান দুই আসামিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। তাদেরকে হত্যা মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর।