নওগাঁর সাপাহারে কৃষক রবিউল হত্যা মামলার অন্যতম আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে নাচোল উপজেলার নওদাপাড়া নামক জায়গার একটি পেয়ারা বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম আব্দুল গফফার (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ০৬ জানুয়ারি পাতাড়ী গ্রামের এসলাম আলী তার লোকজন নিয়ে তিলনী গ্রামে রবিউল আলমের ভোগদখলীয় সম্পত্তি দখল করতে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় এসলাম আলীর লোকজনের লাঠির আঘাতে রবিউল আলম গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রবিউল আলমের ছেলে রায়হান কবির থানায় ২১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে ওই মামলার দুই নম্বর আসামি গফ্ফার পাশের নাচোল উপজেলার নওদাপাড়ার একটি পেয়ারা বাগানে শ্রমিক হিসেবে আত্মগোপনে ছিলেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের নির্দেশনায় থানা পুলিশেরর এসআই জাহিদুল ইসলাম, এসআই হারুন ও কনস্টেবল রাশেদ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে ও পরের দিন জেলহাজতে পাঠায়।





