রাজধানীর মুগদার মান্ডা এলাকায় সিনিয়র-জুনিয়রের মধ্যে বিবাদের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হাসান আলী (১৭) নামের এক কিশোর খুন হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মান্ডা লেটকা ফকিরের গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মো: হাবীব জানান, হাসান একটি ছাপাখানায় কাজ করতেন। তাদের বাড়ি কুমিল্লা দেবিদ্বার উপজেলার বেররা গ্রামে। তিন ভাই এক বোনের মধ্যে হাসান দ্বিতীয়। তিনি পরিবারের সাথে মান্ডার লেটকা ফকিরের গলিতে থাকতেন।
তিনি আরো জানান, ‘সন্ধ্যায় একই এলাকার ব্যান্ডেজ গ্রুপের কয়েকজন কিশোর হাসানকে ডেকে নেয়। এরপর বাসার অদূরেই তারা হাসানকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে এবং আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’
তবে কী কারণে হাসানকে ছুরিকাঘাত করা হয়েছে ওই বিষয়ে বড় ভাই হাবীব কিছু জানাতে পারেননি।
হাসপাতাল থেকে পুলিশের হাতে আটক হওয়া অভিযুক্ত বেলাল (১৮) জানান, কয়েক মাস আগে হাসানের বন্ধু সাগরসহ আরো কয়েকজনের সাথে সিনিয়র জুনিয়র নিয়ে অভিযুক্ত বেলালের বিবাদ হয়। শুক্রবার সন্ধ্যায় বেলাল তার বন্ধু আশিক, মেজু, রতনসহ আরো কয়েকজন লেটকা ফকিরের গলিতে বেড়াতে যায়। তখন হাসানসহ তার বন্ধুরা প্রথমে বেলালদের ওপরে আক্রমণ করে। পরে তাদের কাছ থেকেই ছুরি নিয়েই হাসানকে ছুরিকাঘাত করেন বেলাল।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো: বাচ্চু মিয়া কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বেলালসহ আরো কয়েকজনকে আটক করা হয়েছে।





