ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে যশোরের শার্শা উপজেলার বাগআছড়ার পুটখালি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটকৃত ব্যক্তির নাম রনি গাজী (৩০)। তিনি যশোরের শার্শা উপজেলার সনাতনকাঠি গ্রামের মশিয়ার গাজীর ছেলে।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে যশোরের শার্শার উপজেলার বাগআছড়া পুটখালি গ্রাম থেকে ট্রাকচালক রনিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বাস ও ট্রাকের চালককে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। একই দিন ট্রাকটিকে জব্দ করে বারোবাজার হাইওয়ে থানায় নিয়ে আসা হয়।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে তিনি বৈধ কোনো ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র দেখাতে পারেননি। তিনি দ্রুত ও বেপরোয়া গতিতে বাসের মাঝখানে ধাক্কা দেয়ার কথা স্বীকার করেছেন। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে আদালতে পাঠানো হয়েছে। ট্রাকচালক রনির পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার আমজাদ ফিলিং স্টেশনের কাছে বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে মাস্টার্সের ছয়জন শিক্ষার্থী রয়েছে।





