পাবনার সাঁথিয়ায় জুয়া খেলা নিয়ে আওয়ামী লীগ নেতার অণ্ডকোষে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করেছে তার বন্ধুরা। মঙ্গলবার সাঁথিয়া পৌরসভার শশদিয়া গ্রামের কাটিয়াদহ বিলে পিয়াজের ক্ষেতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ শাকিল (২৮) নামের একজনকে আটক করেছে।

নিহত ওই নেতার নাম নাজমুল ইসলাম (২৭)। তিনি ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের গ্রাম কমিটির সাধারণ সম্পাদক।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শাকিল ও নাজমুল দু’জনই একে অপরের বন্ধ। সোমবার রাত ৮টার দিকে মোবাইল ফোনে নাজমুলকে বাড়ির পাশের একজন ডেকে নিয়ে যায়। এর পর নাজমুল রাত ১১টায় বাড়ি এসে ২৮ হাজার টাকা নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি।

এ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদিকুল ইসলাম জানান, দুপুরে একজন এসে নাজমুলের নিখোঁজের খবর দেন। তার দেয়া তথ্য অনুযায়ী পুলিশ পাঠিয়ে বিষয়টির খোঁজ খবর নিতে থাকে। এমন সময় পার্শ্ববর্তী জঙ্গলের ভিতর লুকিয়ে থাকা শাকিলকে সন্দেহ হলে তাকে আটক করা হয়। শাকিলের দেয়া তথ্যানুযায়ী শশদিয়া গ্রামের পাশে কাটিয়াদহ বিলের মধ্যে থেকে মঙ্গলবার সন্ধ্যায় নাজমুলের লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে সাঁথিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।