কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শিল্পপতি আবুল কালাম আজাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে প্রার্থীর উপজেলা সদরের প্রধান নির্বাচনী প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ইশতেহার পাঠ করেন প্রার্থীর পক্ষে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নির্বাচনের প্রধান সমন্বয়ক শেখ আবদুল আউয়াল।
ইশতেহারে কারিগরি শিক্ষা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করে বেকার সমস্যার সমাধান, রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন এবং সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজিমুক্ত উপজেলা গড়া, গোমতি নদীর অবৈধ বালু উত্তোলন বন্ধসহ ১১ দফাসহ বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোছলেহ উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক এ কে এম মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান ভূঁইয়া প্রমুখ। আগামী ২৮ ফেব্রুয়ারি এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।





