সিরাজগঞ্জের রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ডিপার্টমেন্টাল স্টোরসহ দু’টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম হঠাৎ বাজারে শনিবার মধরাতে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে। ডিপার্টমেন্টাল স্টোরের মালিক আব্দুর রাকীব, মুদি দোকানদার আমিনুল ইসলাম জানান, মধ্যরাতে বাজারের লোকজন ফোনে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই সব পুড়ে শেষ হয়ে যায়। এ দিকে মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রায়গঞ্জ ফায়ার স্টেশনের সাব অফিসার সিরাজুল ইলাম বলেন, রাত সাড়ে ১২টার দিকে এলাকাবাসীর মোবাইলে খবর দিলে ফায়ার স্টেশনের অগ্নিনির্বাপক সরঞ্জাম ও জোয়ানদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনদের সহায়তায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে তিনি জানান। ডিপার্টমেন্টাল স্টোরে প্রায় ১০ লাখ টাকা ও মুদি দোকানের প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন।