লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাশেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোররাত ৩টার দিকে বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়। আগুনে ২৫টি দোকান মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, খাশেরহাট বাজারে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে ২৫ দোকান পুড়ে ছাই হয়ে যায়।
রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়াসি আজাদ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণ করতে আরো সময় লাগবে।





