বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মশিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলেও একই কর্মস্থলে বহাল তবিয়তে রয়েছেন। অদ্যাবধি তাকে বদলি করা হয়নি। জানা যায় সম্প্রতি সান্তাহার ইউনিয়নের তারাপুর গ্রামের জনৈক আসলাম হোসেন তার ২ শতাংশ জমি নামজারি করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেও তার কাছে অতিরিক্ত ৮ হাজার টাকা দাবি করেন তহশিলদার মশিউর রহমান।
এ বিষয়ে আসলাম স্থানীয় সংবাদ কর্মীদের নিকট অভিযোগ করলে বিভিন্ন পত্রিকায় এই দুর্নীতির খবর প্রকাশিত হয়। পত্রিকায় প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে বগুড়া জেলা প্রশাসক আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেন। বিষয়টি তদন্তকালে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক মশিউরের দুর্নীতির সত্যতা পান এবং জেলা প্রশাসক বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে মশিউরের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। তারপরও মশিউর ওই কর্মস্থলে বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক জানান, দুর্নীতির ঘটনা প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। তবে তাকে বদলি করা হয়নি।