ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগ, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং ঢাকাস্থ জাপানি দূতাবাসের যৌথ উদ্যোগে ‘জাপানিজ এক্সপেরিয়েন্স অব ইকোনমিক ডেভেলপমেন্ট: ইমপ্লিকেশন্স টু বাংলাদেশ’ শীর্ষক জাইকা চেয়ার সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ এবং বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এই সেমিনার গতকাল বুধবার অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভাচুর্য়াল ক্লাশরুমে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন জাপানের রাষ্ট্রদূত মি. ইতো নাওকি। এতে ‘ইকোনমিক গ্রোথ অ্যান্ড জাপানিজ ম্যানেজমেন্ট’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপান-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. হিরোউকি ইটামি। অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বর্তমান সরকার দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় ইতোমধ্যেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে ‘রূপকল্প ২০৪১’ ঘোষণা করা হয়েছে। জাপানকে অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী দেশ হিসেবে উল্লেখ করে ভিসি বলেন, স্বাধীনতার পর থেকেই জাপান বাংলাদেশের শিল্প, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসাবাণিজ্যসহ সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা দিয়ে যাচ্ছে। তাদের এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ভিসি আশা প্রকাশ করেন।
জাপানের রাষ্ট্রদূত মি. ইতো নাওকি দুই দেশের বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাপান সরকারের সাহায্য-সহযোগিতা
অব্যাহত থাকবে। এছাড়া সেমিনারে জাপানের ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজের অধ্যাপক ড. কেনিচি ওহ্নো, ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ বি এম রাজাউল করিম বক্তব্য রাখেন।