বরগুনার তালতলীতে দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক ইউছুফ ও দৈনিক অধিকার সাংবাদিক শাহাদাত হোসেনের ওপর পূর্ব-পরিকল্পিত হামলা করেছে উপজেলা প্রকৌলী অফিসের অফিস সহায়ক শাকিল আহমেদ (২৪)। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তালতলী উপজেলা প্রকৌশলী কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তালতলী থানায় একটি সাধরণ ডায়েরি করা হয়েছে।

জানা যায়, উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নের ঝাড়াখালী গ্রামে একটি কালভার্ট ও সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে তালতলী এলজিইডির অফিসে ৯ মার্চ কয়েকজন সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গেলে প্রকৌশলী আহাম্মদ আলী সাংবাদিকদের সাথে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। পরে তিনি তার সহকারীকে কালভার্টের নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দিয়ে বলেন, ‘সেখানে কোনো কালভার্ট হবে না।’ পরে তিনি চায়ের দাওয়াত দিয়ে বলেন, ‘এ মুহূর্তে অফিসে আমার সহকারী নেই আপনারা বৃহস্পতিবার আসেন।’

বৃহস্পতিবার তার অফিসে গেলে তার অফিস বন্ধ পাওয়া যায়। এ সময় অফিসের পিয়ন শাকিল সাংবাদিকদের দেখেই তাদের সাথে অহেতুক তর্ক-বিতর্ক শুরু করেন। এ সময় অফিসের অন্য এক কর্মচারী এসে পরিস্থিতি শান্ত করে সাংবাদিকদের চা খাওয়ার কথা বলে পাশের একটি কক্ষে ডেকে নেন। ওই সময় শাকিল কক্ষে ঢুকে শাহাদাতকে কিল ঘুষি ও লাথি মেরে মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন।

এ দিকে শাহাদাতের চিৎকারে সাংবাদিক ইউছুফ এগিয়ে গেলে তাকেও কিল ঘুষি মেরে মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন ও কক্ষের মধ্যে তালা দিয়ে তাদেরকে আটকে রাখার চেষ্টা করেন। এ সময় হট্টগোল শুনতে পেয়ে আশপাশের লোকজন ওই অফিসে এলে শাকিল কক্ষ থেকে বেরিয়ে যান।

পরে ওই দুই সাংবাদিক বেরিয়ে এসে তালতলী থানার অফিসার ইনচার্জকে (ওসি) বিষয়টি অবহিত করেন। থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়। এলজিইডির প্রকৌশলী আহাম্মদ আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ‘এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’