লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারে আগুন লেগে ৩০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।

রোববার ভোর রাত ৪টার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তারা অনেকে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করছেন। সরকার যদি ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীকে সহযোগিতা না করে, তা হলে তাদের পথে বসতে হবে।

এ দিকে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মোমেন। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। সহায়তা করা হবে।

রামগতি ফায়ার স্টেশনের ইনচার্জ খোকন মজুমদার জানান, রাত ৪টার দিকে তাহেরের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানঘরগুলো কাঠ ও টিনের হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ইউনিট ও জেলা থেকে আরো দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।