জয়পুরহাটে ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে আরিফুল ইসলাম (৩৪) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে আসামির অনুপস্থিতিতে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলী এ দণ্ড দেন। এ ছাড়াও আসামিকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত আরিফুল কালাই উপজেলার পূর্বকৃষ্টপুর গ্রামের মতিয়র রহমানের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৩ মার্চ সকালে কালাই উপজেলার উদয়পুর গ্রামের এক শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টা করে আরিফুল ইসলাম। বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে ছাত্রীর বাবা বাদি হয়ে ওই দিনই কালাই থানায় মামলা দায়ের করেন। মামলাটি আদালতে দীর্ঘ শুনানি শেষে আসামির অনুপস্থিতিতে বিচারক ১০ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন।





