মাগুরা সদর উপজেলার কুশবাড়ীয়া গ্রামের ধান ক্ষেত থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সাফিয়া খাতুন সুমী (২৫)।
এ ঘটনায় তার স্বামী আলামিন মোল্ল্যাকে (২৬) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধারের পর আলামিনকে গ্রেফতার করে।
সুমী ও আলামিন দম্পতির দু’টি সন্তান রয়েছে।
নিহতের মামাত ভাই ফিরোজ হোসেন বলেন, তার বোনকে পরিকল্পিতভাবে স্বামী ও তার পরিবারের লোকজন হত্যা করে ধান ক্ষেতে লাশ ফেলে রেখেছে। এর আগেও একাধিকবার সুমীকে মারধর করেছে তার স্বামী ও পরিবারের লোকজন।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জয়নাল আবেদিন জানান, কুশবাড়িয়া গ্রামে ধান ক্ষেতে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এ সময় স্থানীয়রা লাশটি কুশবাড়ীয় গ্রামের ইটভাটা শ্রমিক আলামিনের স্ত্রী বলে শনাক্ত করে। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। স্বামী আলামিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ওসি জয়নাল আবেদিন আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





