নওগাঁর মান্দায় কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় গবাদিপশুসহ একটি বসতবাড়ি এবং গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামে বিমল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত ধিরেন্দ্রনাথ, বিমল, অমল, পরিমল ও তপন প্রামাণিক জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোয়ালঘরে গরু, ছাগল, হাঁস-মুরগি তুলে তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে তারা গোয়ালঘরে আগুন লাগার বিষয়টি টের পান। মুহূর্তে তা আশপাশে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ১৪টি গরু, ১২টি ছাগল, শতাধিক হাঁস-মুরগি, ধান-চাল, টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সমুদয় মালামাল পুড়ে যায়। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তারা।
সংবাদ পেয়ে মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মান্দা থানা পুলিশের একটি টহলটিম উপস্থিত থেকে আগুন নেভানোর কাজে সহায়তা করে।
এ দিকে বুধবার সকালে মান্দা উপজেলা চেয়ারম্যান মোল্লা এমদাদুল হক, ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিম, গনেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হানিফ উদ্দিন মণ্ডল, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হালিম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহায়তা দেয়া হবে।





