নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে ডুবে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। ছেলে সাজেদুল ইসলাম সাজিদ (১০) ডুবে গেলে তাকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেন বাবা জাকারিয়া ফরাজি (৫০)। পারেননি ছেলেকে উদ্ধার করতে। তিনিও ডুবে মারা যান। শুক্রবার দুপুরে উপজেলার শুকুন্দী ইউনিয়নের দীঘাকান্দী গ্রামে এই ঘটনা ঘটে।

জাকারিয়া ফরাজি দীঘাকান্দী গ্রামের মৃত আহাম্মদ আলী ফরাজির ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, পেশায় কৃষক জাকারিয়া ফরাজি পাশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সনমানিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদের চরে বোরো ধান আবাদ করেছেন। ওই কারণে প্রতিদিন তিনি ধানক্ষেতের পরিচর্যা করার জন্য নদ পার হয়ে ওই পার যেতেন। প্রতিদিনের মতো শুক্রবার সকালে জাকারিয়া জমিতে কাজে যাওয়ার সময় তার ছেলে সাজিদ সাথে যাওয়ার বায়না ধরে।

জাকারিয়া তার ছেলে সাজিদকে নিয়ে বের হন। সাজিদকে একটি কলাগাছে বসিয়ে জাকারিয়া পানিতে হেঁটে পার হওয়ার জন্য সামনে যেতে থাকেন। কিছুদূর যেতেই পানি বেশি থাকায় জাকারিয়া নদ সাঁতরিয়ে এক হাতে কলাগাছ ধাক্কাতে ধাক্কাতে সামনের দিকে যেতে থাকেন তিনি। নদের প্রায় কিনারায় যেতেই আকস্মিকভাবে কলাগাছ ঘুরে গিয়ে সাজিদ গলাগাছ থেকে পানিতে ডুবে যায়। ছেলেকে বাঁচাতে এই সময় জাকারিয়া পানিতে ডুব দেন। অল্প কয়েক ডুব দিতেই জাকারিয়াও পানিতে তলিয়ে যান। এই সময় নদের পাড়ে স্থানীয় এক ছেলের মারফত এলাকার লোকজন জানার পর এলাকাবাসী নদে নেমে দুজনকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুইজনকে মৃত ঘেষণা করেন।

মনোহরদী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। যেহেতু পানিতে ডুবে দুইজনেরই মৃত্যু হয়েছে তাই পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।