রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ফাতেমা নাজ পেট্রোল ও সিএনজি পাম্পের পূর্ব পাশের কাজলা খালের মধ্যে গতকাল বৃহস্পতিবার থেকে গ্যাসের মেইন পাইপ লিকেজ হয়ে বিপজ্জনকভাবে গ্যাস বের হচ্ছে।

স্থানীয়রা জানায়, গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ভ্যাকু মেশিন দিয়ে খালটি পরিষ্কারের কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ভ্যাকুর আঘাতে সম্ভবত মাটির নিচে থাকা গ্যাস লাইনের পাইপ লিকেজ হয়ে বিপজ্জনকভাবে গ্যাস বের হতে থাকে।

সরজমিনে গিয়ে দেখা যায়, লিকেজ হওয়া গ্যাস লাইনের ১০ গজ পাশেই একটি বাজার ও মসজিদ রয়েছে। যেখানে ৯৫ ভাগ দোকানে আগুনের ব্যবহার হয়। এছাড়াও ৫০ গজের মধ্যে রয়েছে একটি পেট্রোল ও সিএনজি পাম্প। তাই যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয় দোকানদার ও বাসিন্দারা।

স্থানীয় চা দোকানদার মো: শাহ আলম (৬০) নয়া দিগন্তকে বলেন, ‘গতকাল থেকে লাইনটি লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছে। ঠিক করার কোনো নাম নাই। আতঙ্কে আছি কখন কী দুর্ঘটনা ঘটে। আল্লাহ না করুক বড় কোনো দুর্ঘটনা হলে পুরো এলাকা পুড়ে ছাই হয়ে যাবে।’

আরেক চা দোকানদার বাবুল আক্তার নয়া দিগন্তকে বলেন, ‘গতকাল থেকে যেভাবে গ্যাস বের হচ্ছে কোনোরকম একটু আগুন পেলে আশেপাশের সব পুড়ে যাবে। আমাদের দাবি খুব দ্রুত লাইনটি মেরামত করা হোক।

নাম প্রকাশে অনিচ্ছুক তিতাস গ্যাসের ডিউটি অফিসার নয়া দিগন্তকে জানান, সিটি করপোরেশনের ভ্যাকুর আঘাতে গতকাল গ্যাসের মেইন লাইনটি লিকেজ হয়েছে। আমরা এখানে বালুর বস্তা দিয়ে প্রথমে বাঁধ দিবো। তারপর পানি সেচের মাধ্যমে লিকেজ হওয়া লাইনটি মেরামতের কাজ পরিচালনা করবো।