জামালপুরে অগ্নিদগ্ধ হয়ে শিপ্রা বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় অগ্নিদগ্ধ হয়েছেন ওই গৃহবধূর স্বামী শুভ্র মিয়া (৩০)। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে শহরের রশিদপুর এলাকায় রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার থেকে পেট্টোলের ড্রামে ছড়িয়ে পড়া আগুনে সমস্ত আসবাবপত্র পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওই গৃহবধূর স্বামী শুভ্র মিয়া রশিদপুর বাজারে মনিহারি দোকানে খুচরা পেট্টোল বিক্রি করতেন। ওই পেট্টোলের কয়েকটি ছোট ড্রাম তার বাড়ির রান্নাঘরে মজুদ ছিল। চার বছরের মেয়ে নিয়ে এক বছর ধরে ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়কের বাড়িতে ভাড়া থাকতেন তারা। সকাল সাড়ে ৯টার দিকে স্বামী-স্ত্রী রান্না করতে যান। তাদের একমাত্র মেয়ে পাশের দাদা বাড়িতে ছিল। এ সময় গ্যাস সিলিন্ডার থেকে পাশে মজুদ রাখা পেট্টোলের ড্রামে আগুন লেগে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান ওই গৃহবধূ।

দগ্ধ গৃহবধূর স্বামীকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ ব্যাপারে জামালপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।