সুনামগঞ্জের শাল্লায় হিন্দু পরিবারের ঘর-বাড়ি ভাংচুরের ঘটনার প্রধান আসামি যুবলীগ নেতা শহিদুল ইসলাম স্বাধীনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় সুনামগঞ্জের শাল্লা জোনের বিচারক শ্যামকান্তি সিনহার আদালত রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার সন্ধ্যায় শাল্লা আমলগ্রহণকারী আদালত সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট শ্যামকান্ত সিনহার আদালতে তোলা হয়। এ সময় স্বাধীন মেম্বারকে ১০ দিনের এবং বাকি ৩২ আসামিকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বাশার।
ওই আবেদনের প্রেক্ষিতে মামলার প্রধান আসামি যুবলীগ নেতা শহিদুল ইসলাম স্বাধীনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। একই সাথে বাকি ৩০ জন আসামির দুই দিন করে রিমান্ডে নেয়ার নির্দেশ দেয়।
মঙ্গলবার বেলা ১১টার দিকে রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট সোহেল আহমেদ।
উল্লেখ্য, দিরাইয়ে হেফাজতের শানে রেসালত সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতাসহ মামুনুল হক বক্তব্য রাখেন। পরে ১৬ মার্চ মঙ্গলবার ঝুমন দাশ আপন নামের এক হিন্দু যুবক হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে কটূক্তি করে স্ট্যাটাস দিলে তা সাথে সাথে ভাইরাল হয়ে যায়। পরে বিক্ষোভের মুখে পুলিশ তাকে গ্রেফতার করে। ১৭ মার্চ বুধবার সকালে শাল্লার নয়াগাঁও হিন্দু পাড়ায় হামলার ঘটনা ঘটে। এই হামলার পেছনে স্বাধীন মেম্বারের উস্কানি কাজ করেছে বলে একটি ভিডিও বক্তব্যে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের লোকজন জানান। ঘটনার ৩০ ঘণ্টা পর ১৮ মার্চ বৃহস্পতিবার বিকেলে হবিবপুর ইউপির চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল প্রথম মামলা করেন। এরপর রাত পুলিশ আরেকটি মামলা করে।
শনিবার রাত ৩টায় মামলার প্রধান আসামি স্বাধীন মেম্বারকে মৌলভীবাজারের কুলাউড়া থেকে গ্রেফতার করে পিবিআই। এ ঘটনায় দুটি মামলায় মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।





