রংপুরের পীরগাছা বাজার বাসস্ট্যান্ড থেকে মোহাম্মদ জয়নাল (৩০) নামে এক জিনের বাদশাকে আটক করে থানায় দিয়েছে স্থানীয়রা। জয়নাল গাইবান্ধার সাদুল্লাপুরের ভবানীপুর গ্রামের ফজল হকের ছেলে।
জানা যায়, পীরগাছার সদর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের মৃত মজর উল্লাহর ছেলে তাহারাত উল্লাহকে (৬৫) বিভিন্ন সময় সাত পাতিল টাকা এবং একটি সোনার পুতুল দেয়ার আগ্রহ প্রকাশ করেন মোবাইল ফোনের মাধ্যমে জিনের বাদশা জয়নাল। মঙ্গলবার একই কথা বলে সাড়ে পাঁচ হাজার টাকা মোবাইল ফোনের মাধ্যমে হাতিয়ে নেয় জয়নাল।
বুধবার দুপুরে পীরগাছা বাজারে সাত পাতিল টাকা এবং পুতুল দিতে চেয়েছিলেন জয়নাল। এ দিকে তাহারাত উল্লাহর আত্মীয় স্বজনরা বিষয়টি বুঝতে পেরে বিভিন্ন স্থানে অবস্থান নেয়। তারা অচেনা একজন মানুষকে দেখে সন্দেহ করা শুরু করেন। তার দিকে নজরদারি শুরু করে দেন তারা। মোবাইল ফোনে কথা বলতে থাকা অবস্থা জিনের বাদশাকে আটক করেন তারা। পরে জিনের বাদশাকে পীরগাছা থানায় দেয় হয়। একই সাথে তাহারাত উল্লাহর কাছ থেকে পাঁচ হাজার টাকা ফেরত নেন তার আত্মীয়রা। এ ব্যাপারে পীরগাছা থানা টিউটি অফিসার বলেন, মামলা হবে। প্রস্তুতি চলছে।