রাজশাহীর বাঘা উপজেলায় এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম ইব্রাহিম দেওয়ান (৩৫)। এ ঘটনায় মোকারোফ হোসেন (৩৭) নামের আরো এক ব্যক্তিকে জোর করে তুলে নিয়ে গেছে সন্ত্রাসীরা। বুধবার রাতে উপজেলার পদ্মার চরাঞ্চল চৌমাদিয়া বাজারে এ ঘটনা ঘটে। ইব্রাহিম বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চল চৌমাদিয়া গ্রামের আবু দেওয়ানের ছেলে। ইব্রাহিমের পরিবারের অভিযোগ- প্রতিপক্ষ রশিদ বাহিনীর গুলিতে ইব্রাহিমের মারা গেছেন।
এদিকে এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
পুলিশের একটি সূত্র ও স্থানীয়রা জানায়, রশিদ ও জিয়া চিহ্নিত মাদক কারবারি। তারা চরাঞ্চলে আধিপত্য বিস্তার করার জন্য এলাকায় আতঙ্ক ছড়ায়। গত বুধবার রাতে চরাঞ্চলের চৌমাদিয়া বাজারে বসে আড্ডা দিচ্ছিলেন ইব্রাহিম ও মোশারফ। এ সময় রশিদ বাহিনী ও জিয়া বাহিনীর লোকজন অতর্কিত তাদের ওপর হামলা চালায়। ইব্রাহিমকে প্রথমে কোপানো হয়। পরে তাকে প্রকাশ্যেই গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যান। পরে মোকারোফকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা রাত সোয়া ১১টার দিকে ইব্রাহিমের লাশ উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যালে পাঠায়।
তবে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: সোলাইমান জানান, গুলিবিদ্ধ অবস্থায় ইব্রাহিমকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার অনেক আগেই তার মৃত্যু হয়।
থানার ওসি (তদন্ত) আবদুল বারী জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই সোলেমান দেওয়ান বাদি হয়ে ১১ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। আর হত্যার কারণ কী- তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।





