শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে কটূক্তির অভিযোগে নড়াইলের আদালতে দায়েরকৃত মানহানি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জামিন পেয়েছেন। গত সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ মুন্সী মো: মশিয়ার রহমান এ জামিন আদেশ দেন। এ সময় গয়েশ্বর চন্দ্র রায় আদালতে উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জসহ দলীয় নেতাকর্মীরা আদালত চত্বরে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ২০১৫ সালের ২৫ ডিসেম্বর ঢাকায় দলীয় এক আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশে বলেন, তারা নির্বোধের মতো মারা গেলো; আমাদের মতো নির্বোধেরা প্রতিদিন শহীদ বুদ্ধিজীবী হিসেবে তাদের ফুল দেয়। না গেলে আবার পাপ হয়। উনারা যদি এত বুদ্ধিমান হন, তাহলে ১৪ তারিখ পর্যন্ত ঘরে থাকেন কী করে? এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
এরপর মামলার বাদি নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের বাসিন্দা আশিক বিল্লাহ ওই বছরের ২৯ ডিসেম্বর নড়াইলের একটি আদালতে এক কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।





