রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাড়িঘর, জমিসহ সর্বস্ব বিক্রি করে টাকা পরিশোধ করার পরও সুদ কারবারি মহাজনদের অব্যাহত চাপের মুখে সাড়ে তিন বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে পাটনী পরিবার। এলাকায় ফিরতে চাইলেও ভয়ে ফিরতে পারছে না।
জানা গেছে, উপজেলার নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামের মনোরঞ্জন সিকদার। পাটনী পরিবার হওয়ায় নারুয়া খেয়াঘাট ইজারা নিয়ে স্থানীয় কয়েকজনের সহায়তায় জীবন যাপন করে আসছিলেন। আর্থিক অসচ্ছলতার কারণে তারা কয়েকজন সুদে কারবারির কাছ থেকে টাকা ধার নেয়। টাকা পরিশোধ করতে তারা একমাত্র বসতভিটা ও ঘরবাড়ি বিক্রি করে দেয়। পরে সাহাপাড়া বাসাভাড়া করে থাকে।
রতন সিকদার মুঠোফোনে বলেন, আমরা অসহায়, টাকা পরিশোধ করার পরও এখন বাবা-মাকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমরা এলাকায় ফিরতে চাই, আমাদের সহযোগিতা করুন।
মনোরঞ্জন সিকদার বলেন, সামান্য কিছু টাকা নিলেও তার জন্য আমি বাড়িঘর ও বসতভিটা হারিয়েছি। টাকা পরিশোধ করলেও সরল বিশ্বাসে কাগজ ফেরত না নেয়ায় এখনো তারা টাকার জন্য চাপ সৃষ্টি করে। আজ সাড়ে তিন বছর পালিয়ে বেড়াচ্ছি। প্রতিবন্ধী স্ত্রী, সন্তান ও পুত্রবধূকে নিয়ে মানবেতর জীবন যাপন করছি।





